দেশের ৪৬ প্রেক্ষাগৃহে শাহরুখের ডানকি

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১২:৩৪ এএম

তেইশ সালটা যেন শুধু শাহরুখ খানের। বছর শুরু করেছিলেন ‘পাঠান’ দিয়ে, এরপর ‘জওয়ান’ দুই সিনেমা দিয়ে বক্স অফিসে সুনামি তোলার পর বছরের শেষ সিনেমা নিয়ে ফের পর্দায় এলেন বলিউড বাদশাহ। গতকাল বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে তার ‘ডানকি’ সিনেমা। একই দিনে সিনেমাটি মুক্তি পেয়েছে বাংলাদেশেও।

ভারতে ভোর থেকে সিনেমার শো শুরু হলেও বাংলাদেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হয় সন্ধ্যায়। তবে এ দিন শুধু রাজধানীর স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি শাখাতে প্রদর্শিত হয়। সেন্সর প্রক্রিয়ার বিলম্বের কারণে দেশব্যাপী দর্শকরা ‘ডানকি’ দেখার সুযোগ পাবে আজ শুক্রবার থেকে।

এমনটাই জানিয়েছেন ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন।

তিনি বলেন, সামাজিক গল্পের ছবি হওয়ায় বিনা কর্তনেই ছাড়পত্র পেয়েছি। সেন্সর বিলম্বের কারণেই একই দিনে সব জায়গায় দেখানো সম্ভব ছিল না। তবে শুক্রবার থেকে সবাই দেখতে পারবে।

মামুন জানালেন, দেশের ৪৬টি হলে দেখা যাবে শাহরুখের বহুল প্রতীক্ষিত এই ছবি। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো স্টার সিনেপ্লেক্সের সব শাখা, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, শ্যামলী সিনেমাস, মনিহার, বিজিবি অডিটোরিয়াম, মধুমিতা, সিলভার স্ক্রিন, লিবার্টি সিনেমা, রাজ তিলক, সিনেস্কোপ, গ্র্যান্ড মুভি থিয়েটার-সিলেট, রুটস সিনেমা, নিউ গুলশান ইত্যাদি।

দীর্ঘ অনেক বছর পর শাহরুখের ‘পাঠান’ সিনেমা দিয়ে দেশে হিন্দি সিনেমার আমদানি শুরু হয়। এরপর তার ‘জওয়ান’, সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিগুলোও মুক্তি পায়। সেই ধারাবাহিকতায় এবার এলো ‘ডানকি’। ১২০ কোটি রুপি বাজেটের এ সিনেমাটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। ছবিতে শাহরুখের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন তাপসী পান্নু। এ ছাড়াও রয়েছেন ভিকি কৌশল, বোমান ইরানি, বিক্রম কোচ্চার, অনিল গ্রোভার প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত