রূপগঞ্জে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ আহত ১০

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৪:১৩ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন বাজারে এ সংঘর্ষ হয়। আহতদের স্থানীয় ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, কাঞ্চন পৌর এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলির সঙ্গে পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুর রহিম লিটুর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই মধ্যে আসন্ন জাতীয় নির্বাচন কেন্দ্র করে নৌকা প্রতীকের পক্ষে প্রচারে দুই গ্রুপই মাঠে । এর জের ধরে গতকাল সন্ধ্যা ৭টার দিকে গোলাম রসুল কলি ও আবদুর রহিম লিটুর লোকজন ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের ঘটনায় এলাকায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। রূপগঞ্জ থানার ওসি দীপঙ্কর সাহা বলেন, এ ঘটনায় উভয় গ্রুপের আটজনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত