রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় জড়িত অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও র্যাব-১-এর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে জড়িতদের নাম পেয়েছে বলে দাবি করেছিল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাদের গ্রেপ্তারে কাজ চলছে বলে জানিয়েছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।
গতকাল রাত পৌনে ১২টায় বিমানবন্দর রেলস্টেশনে এক সংবাদ সম্মেলনে নয়জনকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন র্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ। তিনি বলেন, বিমানবন্দর রেলস্টেশন এলাকায় সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
মোসতাক আহমদ আরও বলেন, গ্রেপ্তারকৃতরা সামান্য কিছু উৎকোচের বিনিময়ে চলমান হরতাল-অবরোধ কেন্দ্র করে রেললাইন ও ট্রেনে নাশকতা করত। সম্প্রতি নেত্রকোনা থেকে তেজগাঁও রেলস্টেশনে আসা একটি ট্রেনের বগিতে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় মা ও শিশু নিহত হয়। এ ছাড়া আরও দুজনসহ মোট চারজন আগুনে পুড়ে মারা গেছেন। এরই ধারাবাহিকতায় র্যাব ও গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সহযোগিতায় অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে সন্ধ্যায় র্যাব-৩ জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে নজরদারিতে রাখা হয়েছে। তাদের মধ্যে দুজন ভাসমান অপরাধী, যারা ভাড়াটে হিসেবে বিভিন্ন অপকর্ম করে। অন্য দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে তারা রাজনৈতিক দলের কর্মী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গণমাধ্যমকে এসব কথা জানান র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
র্যাব জানায়, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়নি। বরং প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের তথ্যের ভিত্তিতে তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হয়। কিছু লোক তাদের ট্রেনে উঠতে-নামতে দেখেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, তারা বিমানবন্দর বা আশপাশের কোনো স্টেশন থেকে ট্রেনে ওঠে এবং তেজগাঁও এলাকায় নেমে যায়।
এদিকে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র সেহেলী সাবরীন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অস্ট্রেলিয়ান হাইকমিশন ও ফ্রান্স দূতাবাস মোহনগঞ্জ ট্রেনে আগুনে চার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। গত ১৯ ডিসেম্বর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেসে অগ্নিকা- ঘটে, যা নাশকতা বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ ছাড়া এক প্রশ্নের জবাবে সেহেলী সাবরীন বলেন, আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে নয়টি দেশ থেকে আবেদন করা হয়েছে। দেশগুলো হলো ভারত, চীন, রাশিয়া, শ্রীলঙ্কা, জাপান, জর্জিয়া, উজবেকিস্তান, মিসর ও ফিলিস্তিন। তবে কতজন আবেদন করেছে, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অবগত নন বলে জানান।
তিনি বলেন, ওআইসি, কমনওয়েলথ ও আরব পার্লামেন্ট নির্বাচন পর্যবেক্ষণ করবে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের একটা এক্সপার্ট মিশন বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। নির্বাচন কমিশন বর্তমানে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছ থেকে অ্যাক্রিডিটেশনের (অনুমতি) জন্য প্রাপ্ত আবেদন পর্যালোচনা করছে। কতজন বাংলাদেশে আসবে তা কমিশন চূড়ান্ত করলে জানা যাবে।
