বছরে রোনালদোর গোল দাড়ালো ৫১

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ১২:৫৫ এএম

আবারও গোল পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল ইত্তিফাকের বিপক্ষে ৩–১ গোলে আল নাসরের জয়ের ম্যাচে পেনাল্টি থেকে গোল করেছেন পর্তুগিজ কিংবদন্তি।

চলতি বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তাঁর ৫১তম গোল। আল নাসরের হয়ে বাকি ২টি গোল করেছেন অ্যালেক্স তেলেস ও মার্সেল ব্রজোভিচ। এ জয়ের পর ১৭ ম্যাচে আল নাসরের পয়েন্ট ৪০। ১৮ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আল হিলাল।

সর্বশেষ ম্যাচে আল রিয়াদকে ৪–১ গোলে হারানো আল নাসর এই ম্যাচেও শুরু থেকেই দাপট দেখায়। ম্যাচের ৮ মিনিটে ফ্রি কিক থেকে রোনালদোর নেওয়া শট ঠেকিয়ে দেন আল ইত্তিফাকের গোলকিপার পাওলো ভিক্টর। ১৪ মিনিটে আবারও সুযোগ পায় আল নাসর। ওতাভিওর বাড়িয়ে দেওয়া বলে সাদিও মানের নেওয়া শট গোলপোস্টে ছিল না।

আল নাসর প্রথম গোলটি পায় ম্যাচের ৪৩ মিনিটে। আল ইত্তিফাকের ডিফেন্ডার হেড দিয়ে বল ক্লিয়ার করলে সেই বল যায় তেলেসের সামনে। বক্সের বেশ খানিকটা বাইরে ভলিতে গোল করেন তেলেস। তাদের পরের গোলটিও আসে আল ইত্তিফাক ডিফেন্ডারের ভুলকে কাজে লাগিয়ে। ৫৯ মিনিটে আল ইত্তিফাকের ডিফেন্ডারের ভুল আর রোনালদোর সহায়তায় গোল করেন ব্রজোভিচ।

রোনালদো গোল করেন ম্যাচের ৭৩ মিনিটে। বাঁ দিক থেকে ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢোকেন সাদিও মানে। এরপর হ্যান্ডবল হলে পেনাল্টি পায় আল নাসর। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি রোনালদো।

চলতি মৌসুমে সৌদি প্রো লিগে রোনালদোর গোল ১৭টি, যা লিগে সর্বোচ্চ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত