রাজবাড়ীর কালুখালী উপজেলায় মাধ্যমিক শিক্ষা বিভাগ পরিচালিত সরকারি কারিকুলাম প্রশিক্ষণ কর্মশালায় রাজবাড়ী-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থীর ভোট চেয়েছেন স্থানীয় শিক্ষক নেতারা। গত বৃহস্পতিবার সকালে কালুখালী বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় এ ঘটনা ঘটে। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিভিন্ন কক্ষে ওই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এতে উপজেলার মাধ্যমিক স্তরের ৪০টি স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা অংশ নেন। একপর্যায়ে কর্মশালায় আসা শিক্ষকদের বিদ্যালয় প্রাঙ্গণে একত্র করা হয়। জমায়েতে সমবেত শিক্ষকদের উদ্দেশ্যে বক্তৃতা করেন পাংশা-কালুখালী শিক্ষক কল্যাণ ট্রাস্টের সভাপতি ও আখরজানি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকলেসুর রহমান এবং রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও মাছপাড়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সফুরা বেগম। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আখরজানি উচ্চবিদ্যালয়ের শিক্ষক মোকলেসুর রহমান বলেন, ‘এমপি মহোদয়ের (জিল্লুল হাকিম) সঙ্গে সকাল ৮টার (বৃহস্পতিবার) দিকে কথা হয়েছে। সে উপলক্ষে এখানে এসেছি। আমরা অধিকাংশ শিক্ষকই নির্বাচনী ডিউটিতে থাকব। আমাদের পরিবার ও আত্মীয়-স্বজন যারা আছেন, তাদের কনভিন্স করবেন যাতে অধিকসংখ্যক লোক ভোটকেন্দ্রে উপস্থিত করা যায় এবং নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি। ইনশা আল্লাহ জিল্লুুল হাকিম এবারও নির্বাচনে জয়যুক্ত হবেন বলে আমাদের ধারণা। আমরা যাতে অধিকসংখ্যক লোক ভোটকেন্দ্রে উপস্থিত করতে পারি, এ প্রত্যয় রাখতে হবে।’
ওই জমায়েতে সফুরা বেগম শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘আপনারা জাতি গড়ার কারিগর। এবারের নির্বাচনে আপনারা আপনাদের পাড়া-প্রতিবেশী, বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনকে বলবেন যাতে সকলেই নৌকায় ভোট দেয়।’
প্রশিক্ষণ কার্যক্রমের মূল পর্ব বাদ দিয়ে শিক্ষক নেতাদের ভোট প্রার্থনায় কেউ কেউ বিরক্তি প্রকাশ করলে সফুরা সংসদ সদস্য জিল্লুুল হাকিমের কাছে শিক্ষকদের বিষয়ে নালিশ করার হুমকি দেন।
প্রশিক্ষণ চলাকালে এভাবে আপনি নৌকার পক্ষে ভোট চাইতে পারেন কি না, এমন প্রশ্নের জবাবে সফুরা বেগম বলেন, ‘আমি রাজনীতি করি। আমি জেলা পরিষদের সদস্য, আমি নৌকার পক্ষে ভোট চাইতেই পারি। তবে আমি প্রশিক্ষণ চলাকালে ভোট চাইনি। শিক্ষকরা যখন টিফিনে বের হয়েছিল, তখন ভোট চেয়েছি।’ শিক্ষকদের হুঁশিয়ারি দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি হুঁশিয়ারি দিইনি, শুধু ভোট চেয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে আখরজানি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকলেছুর রহমান বলেন, ‘আমি পাংশা-কালুখালী শিক্ষক কল্যাণ ট্রাস্টের সভাপতি। আমাকে শিক্ষকদের সুখ-দুঃখের কথা ভাবতে হয়। এ জন্য আমি সেখানে বর্তমান সরকারের উন্নয়নের বিষয়ে কিছু কথা বলেছি, নৌকার পক্ষে ভোট চেয়েছি। তবে প্রশিক্ষণকেন্দ্রে ভোট চাইনি, সবাই যখন বাইরে এসেছিল, তখন শিক্ষকদের উদ্দেশে বলেছিলাম।’
