জম্মু-কাশ্মীরে পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছে। অঞ্চলটির পঞ্চ জেলার ধাতিয়ার মর্চ নামের একটি এলাকায় গত বৃহস্পতিবার অস্ত্রধারীরা হামলা চালালে এ ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীর দুটি গাড়ি ওই এলাকায় এসে রাস্তার খারাপ পরিস্থিতির কারণে ধীরগতিতে চলা শুরু করলে হামলা শুরু হয়। অস্ত্রধারীরা পাহাড়ের ওপর থেকে সেনাদের ওপর এ আক্রমণ চালায়। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম বলছে, হামলায় তিন থেকে চারজন অংশ নিয়ে থাকতে পারে। এ ঘটনার পর পাল্টা আঘাত শুরু হলে অস্ত্রধারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএ) ঘটনাস্থল পরিদর্শন করেছে। পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্ট (পিএএফএফ) ভারতীয় সেনাদের ওপর হামলার ঘটনায় দায় স্বীকার করে নিয়েছে। ভারতীয় গণমাধ্যমের দাবি, পিএএফএফ পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার শাখা।
×
