লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুতি বিদ্রোহীদের হামলায় ইরান ‘গভীরভাবে জড়িত’ বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। তেহরান ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীকে অস্ত্র ও কৌশলগত বুদ্ধিমত্তা দিচ্ছে বলেও জানিয়েছে হোয়াইট হাউজ। স্থানীয় সময় গত শুক্রবার এক গোয়েন্দা প্রতিবেদনে লোহিত সাগরে জাহাজ হামলায় ইরানের সম্পৃক্ততার তথ্য ও প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। তবে জাহাজে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান।
শনিবার এক কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে জানিয়েছে, হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তার মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বলেছেন, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনায় ইরান গভীরভাবে জড়িত বলে তারা তথ্য পেয়েছেন। তার ভাষ্য, বিষয়টি এই অঞ্চলে হুতিদের অস্থিতিশীল কর্মকাণ্ডে ইরানের দীর্ঘমেয়াদি সহায়তা ও মদদ দেওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের এই মুখপাত্র এই চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিতভাবে পদক্ষেপের আহ্বান জানান।
