ঢাকায় ডেঙ্গুতে আরেকটি মৃত্যুশূন্য দিন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০২:১০ এএম

১২ দিনের ব্যবধানে ঢাকায় ডেঙ্গুতে মৃত্যুশূন্য আরেকটি দিন গেল। গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত) ঢাকা মহানগরীতে এই রোগে কেউ মারা যায়নি। যে একজনের মৃত্যু হয়েছে, সে ঢাকার বাইরে মারা গেছে। এর আগে সর্বশেষ ঢাকায় মৃত্যুশূন্য দিন ছিল ১২ ডিসেম্বর। সেদিন যে দুজন ডেঙ্গুতে মারা যায়, তারা ঢাকার বাইরের হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

এ নিয়ে টানা তিন দিন ঢাকা ডেঙ্গুতে মৃত্যুশূন্য ছিল। কারণ আগের দুদিন অর্থাৎ গত বৃহস্পতি ও শুক্রবার দেশেই ডেঙ্গুতে কেউ মারা যায়নি। এ নিয়ে গত মার্চ মাসে মৃত্যুশূন্য দিন ছিল চার দিন। এর আগে গত ১৬ ডিসেম্বর কেউ মারা যায়নি। এ বছর এ মাসের এই তিন দিনের আগে সর্বশেষ মৃত্যুশূন্য দিন ছিল গত ১৪ জুলাই।

এ বছর ডেঙ্গুতে মারা গেছে ১ হাজার ৬৯৩ জন। তাদের মধ্যে ঢাকায় মারা গেছে ৯৭৫, যা মৃত্যুর ৫৮ শতাংশ। বাকি ৭১৮ বা ৪২ শতাংশ মারা গেছে ঢাকার বাইরে। সে হিসেবে ঢাকার বাইরের চেয়ে ঢাকায় রোগী কম, কিন্তু মৃত্যু বেশি। বছরের মোট রোগীর ৩৪ শতাংশ ঢাকায় ও ৬৪ শতাংশ ঢাকার বাইরে। অর্থাৎ রোগী অনুপাতে ঢাকায় মৃত্যু বেশি।

এ বছর মৃত্যুর ৫৭ শতাংশ নারী, কিন্তু নারী রোগী মোট রোগীর ৪০ শতাংশ। অন্যদিকে, মোট মৃত্যুর ৪৩ শতাংশ পুরুষ, কিন্তু পুরুষ রোগী মোট রোগীর ৬০ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১৪ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৩৩ জন ভর্তি হয়েছে ঢাকায় ও ৮১ জন ঢাকার বাইরে। এ নিয়ে এ বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ২০ হাজার ২৭২ জনে। তাদের মধ্যে ২ লাখ ১০ হাজার ৪৯৬ জন ঢাকার বাইরে ও ১ লাখ ৯ হাজার ৭৭৬ জন ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছে।

এ মাসে গত ২৩ দিনে ডেঙ্গুতে মারা গেছে ৭১ ও হাসপাতালে ভর্তি হয়েছে ৮ হাজার ৩৮১ জন। গতকাল সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিল ১ হাজার ১৮১ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বাইরে ছিল ৮২০ ও ঢাকায় ৩৬১ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত