পরিকল্পনা করেই মোস্তাফিজকে দলে নিয়েছে চেন্নাই

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৩:২৫ পিএম

আইপিএলের এবারের মিনি নিলামের শেষদিকে মোস্তাফিজুর রহমানকে দলে নেয় চেন্নাই সুপার কিংস। অ্যাক্সিলারেটেড রাউন্ড থেকে ২ কোটি রুপি ভিত্তিমূল্যে তাকে দলে টানে পাঁচবারের চ্যাম্পিয়নরা। তবে তাকে দলে নেওয়ার ভাবনা হুট করে আসেনি চেন্নাই কর্তাদের মাথায়। চেন্নাইয়ের উইকেটে বাংলাদেশের বাঁহাতি পেসারের সম্ভাব্য কার্যকারিতার কথা ভেবে আগে থেকে তার দিকে নজর ছিল দলটির।

আগামী আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে থাকছেন মোস্তাফিজ। নিলাম থেকে নিউজিল্যান্ডের দুই অলরাউন্ডার ড্যারিল মিচেল ও রাচিন রবীন্দ্রকে নিয়েছে চেন্নাই। এছাড়া, ভারতের পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুরের সঙ্গে চমক জাগিয়ে বড় অঙ্কের অর্থের বিনিময়ে তারা টেনেছে তরুণ ব্যাটসম্যান সামির রিজভিকে।

চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামের উইকেটে অনেক সময় বল পড়ার পর কিছুটা থেমে আসে ব্যাটে। আগের সেই ধার না থাকলেও এমন উইকেটে মোস্তাফিজ এখনও কার্যকর হতে পারেন স্লোয়ার ও কাটারের সহায়তায়। তাছাড়া, এই মাঠের দুই পাশের বড় সীমানাও তার সুবিধায় আসতে পারে।

চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে দলটির প্রধান নির্বাহী কেএস বিশ্বনাথন জানান, প্রত্যাশিত ক্রিকেটারদের নিতে পেরেছেন তারা। সেখানে তিনি উল্লেখ করেন মোস্তাফিজের কথাও, 'আমি বলব যে যাদেরকে নেওয়ার লক্ষ্য আমাদের ছিল, তাদের প্রায় সবাইকেই পেয়েছি। সত্যি বলতে, মিচেলকে নিয়ে আমাদের পরিকল্পনা ছিল। আমাদের আরও মনে হয়েছে, মাঠের দুই পাশের সীমানা বিবেচনায় নিয়ে চিপকের উইকেটে মোস্তাফিজ ভালো একটি পছন্দ হতে পারে। আমাদের ভাবনায় এসব ছিল, কিন্তু আমরা নিশ্চিত ছিলাম না যে তাদেরকে পাব কিনা। সৌভাগ্যবশত, এবারের নিলাম ভালো কেটেছে আমাদের জন্য।'

আইপিএলে মোস্তাফিজের পঞ্চম ফ্র্যাঞ্চাইজি চেন্নাই। এর আগে আরও চারটি দলে খেলেছেন তিনি। অভিষেক আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুর্দান্ত নৈপুণ্যে অবদান রেখেছিলেন শিরোপা জয়ে। তবে পারফরম্যান্সের সেই ধারা বজায় রাখতে পারেননি। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস ঘুরে আসরের সবশেষ মৌসুমে মোস্তাফিজ খেলেছেন দিল্লি ক্যাপিটালসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত