কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় চান্দিনা উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক জহিরুল ইসলাম মুন্সীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার গজারিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আরও তিনজন।
আহতরা হলেন—উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আবুল খায়ের, বড়করই ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মহিউদ্দিন ও গাড়িচালক ইউসুফ। আহতরা স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটুর অনুসারী।
স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু অভিযোগ করে বলেন, জহির মুন্সী তার কয়েকজন সহযোগী নিয়ে নবাবপুর ইউনিয়নে পোস্টার বিতরণ করেন। কাজ শেষে প্রাইভেটকারে করে ফেরার পথে ১০ থেকে ১২টি মোটরসাইকেল নিয়ে নৌকার সমর্থকরা ধাওয়া করে। প্রাইভেটকারটি গজারিয়ায় পৌঁছালে গাড়ি ভাঙচুর করা হয়। পরে তাদের গাড়ি থেকে নামিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে আহত করা হয়। আহতদের উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জেলা শহরের একটি বেসরকারি হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রচারণা শুরুর পর থেকে আমার কর্মী-সমর্থকদের ওপর দফায় দফায় হামলা করা হয়েছে। তবুও থানার ওসি কোনো পদক্ষেপ নেয়নি। পুলিশের রহস্যজনক ভূমিকায় সহিংসতা বাড়ছে।
এ বিষয়ে জানতে নৌকার প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্তকে মুঠো ফোনে ক্ষুদ্র বার্তা পাঠিও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ দেশ রূপান্তরকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
