কার্ড দিয়ে দেশের বাইরে থেকে যেকোনো ধরনের নগদ উত্তোলন বন্ধ করেছে বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক। গত রবিবার রাতে গ্রাহকদের এসএমএস দিয়ে তথ্যটি জানায় ব্যাংকটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ডিসেম্বর থেকে ব্র্যাক ব্যাংকের কার্ড দিয়ে দেশের বাইরে সব ধরনের নগদ উত্তোলন স্থগিত করা হয়েছে। তবে ভ্রমণ কোটার মধ্যে পিওএস এবং ই-কমার্সের মাধ্যমে যে কোনো বৈধ কেনাকাটা করা যাবে।
ব্র্যাক ব্যাংকের একটি সূত্র জানায়, দেশের বাইরে কার্ড থেকে নগদ উত্তোলনে খরচ বেশি। এতে গ্রাহকদের মধ্যে ব্র্যাক ব্যাংক নিয়ে নেতিবাচক প্রভাব তৈরি হচ্ছে। এজন্যই দেশের বাইরে কার্ড থেকে নগদ উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন বলেন, আমাদের ব্যাংকের নীতি হলো ডিজিটাল ও ইলেকট্রনিক পেমেন্টের সক্ষমতাকে উৎসাহিত করা এবং নগদ লেনদেন নিরুৎসাহিত করা।
