নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং পিকনিক স্পটের লাইসেন্স না থাকায় শিক্ষকদের মিলন মেলা ভেঙে দিয়েছে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় আয়োজক শিক্ষক সংগঠনের নেতাকে ৫০ হাজার এবং পিকনিক স্পট কতৃর্পক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের উদ্যোগে মহানগরীর নীলের পাড়া এলাকায় সবুজ ছায়া পিকনিক স্পটে শিক্ষক মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সিটি মেয়র জায়েদা খাতুন ও সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমের উপস্থিত থাকার কথা ছিল। খবর পেয়ে দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই স্পটে অভিযান পরিচালনা করেন। পরে তারা শিক্ষক নেতাদের ডেকে এনে অনুষ্ঠানের অনুমতি দেখাতে বলেন। প্রশাসনের অনুমতি দেখাতে না পারায় মঞ্চের সাউন্ড সিস্টেম এবং ব্যানার খুলে ফেলা হয়। পরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদুর রহমান মাসুদকে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন। আর পিকনিক স্পটের লাইসেন্স না থাকায় স্পটের কতৃর্পক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ খান।
গাজীপুরের জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসার আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
