বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪৩তম বিসিএসে মোট ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে পিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস ও উম্মে আছমা আয়শা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৩তম বিসিএসের ২ হাজার ২১৮টি পদের বিপরীতে ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে সুপারিশ করা হয়েছে। আর নন-ক্যাডার পদে ১ হাজার ৩৪২টি শূন্য পদের বিপরীতে ৬৪২ জনকে সুপারিশ করা হলো।
২০২০ সালের ৩০ নভেম্বর ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি। এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল। পরে ২০২১ সালের ২৯ অক্টোবর ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ হন ১৫ হাজার ২২০ প্রার্থী। আর লিখিত পরীক্ষায় ৯ হাজার ৮৪১ জন। গত মাসে এসব প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া শেষ হয়।
