জামালপুর-৫ (সদর) আসনে নৌকার প্রচার কেন্দ্র ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে। এ সময় নৌকা প্রার্থীর ৬ সমর্থক আহত হয়েছেন। গুরুতর অবস্থায় ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৭ডিসেম্বর) দুপুরের দিকে সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দক্ষিণ কৈডোলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-শাহবাজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য নিয়ামত আলী (৭০), যুবলীগ নেতা মো.জাকির হোসেন ফকির (৪০), মাসুদ রানা (২৭) মারুফ হোসেন, (২২) মাকসুদা বেগম (৪৮) ও পাভেল। গুরুতর আহত ৪জন জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও আহতদের পরিবার সূত্রে জানা গেছে, নৌকা ও স্বতন্ত্র ঈগল প্রতীকের নির্বাচনী প্রচার কেন্দ্র একই স্থানে। বুধবার দুপুরের দিকে নৌকা প্রতীকের সমর্থকরা মিছিল শেষে হক দাখিল মাদ্রাসা সংলগ্ন প্রচার কেন্দ্রে যায়। সেখানে কিছুক্ষন অবস্থান করে অনেক সমর্থক বাড়িতে চলে যায়। তবে কয়েকজন সমর্থক প্রচার কেন্দ্রে অবস্থান করেন। এ সময় স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমের সমর্থক সাইফুল ইসলামের নেতৃত্বে ঈগল প্রতীকের কয়েকজন নৌকার প্রচার কেন্দ্রে প্রবেশ করেন। ভিতরে গিয়ে নৌকার সমর্থকদের ঈগল প্রতীককে সমর্থন করতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে তারা নির্বাচনী প্রচার কেন্দ্র ভাঙচুর শুরু করে। নৌকার কর্মীরা তাদের বাঁধা দিতে গেলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। এতে ৬ জন আহত হয়। এ সময় তারা নৌকার নির্বাচনী প্রচার কেন্দ্রে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে আহতদের দেখতে হাসপাতালে যায় নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ।
এ প্রসঙ্গে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি প্রচার কাজে ব্যস্ত থাকায় তার এক প্রতিনিধি ফোন রিসিভ করেন। পরে কথা বলিয়ে দিবেন বলে ফোন রেখে দেন।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, ঈগল প্রতীকের কর্মী সমর্থকরা নৌকা প্রতীকের কর্মী সমর্থকদের দল ত্যাগ করতে বলেন। তারা সকলে জন্মগত ভাবেই আওয়ামী লীগ করেন। দল ত্যাগে অস্বীকৃতি জানালে তাদে মারধর ও ছুরিকাঘাত করা হয়। এই ঘটনায় মদদাতা ও জড়িতদের আইনে আওতায় আনার জোর দাবি করছি।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির বলেন, শাহবাজপুরের কৈডলা এলাকায় নির্বাচনী প্রচার কেন্দ্র ভাঙচুরের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলার প্রস্তুতি চলছে।
