জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতি বেড়েছে প্রচার কর্মসূচিতে

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০২:৪৮ এএম

সরকারের পদত্যাগ, নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে তিন দিনব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির দ্বিতীয় দিন গতকাল বুধবার রাজধানী ঢাকাসহ সারা দেশে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করছে বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো। দ্বিতীয় দফার এই কর্মসূচি পালনে রাজধানী ঢাকাসহ সারা দেশে জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতি বেড়েছে।

গত রবিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি শেষ হবে আজ বৃহস্পতিবার।

গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে নির্বাচন বর্জন, অসহযোগ আন্দোলনের সমর্থনে চিকিৎসকদের মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন প্রতিহত করতে না পারলে অন্তত ডাকাতির এই নির্বাচন বর্জন করুন।’

পরে চিকিৎসকদের নিয়ে লিফলেট বিতরণ করেন নজরুল ইসলাম খান।

একই সময়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে আলোচনা সভা হয়। বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আব্দুল মঈন খান। এর আগে সকালে রাজধানীর শান্তিনগর মোড় ও কাঁচাবাজার এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে লিফলেট বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সকালে রাজধানীর নয়াপল্টনে চায়না টাউনের সামনে থেকে ইসলামী ব্যাংক হাসপাতাল ও নয়াপল্টন জামে মসজিদ গলিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন যুবদল নেতাকর্মীরা। এ ছাড়া নোয়াখালীতে লিফলেট বিতরণ করেছেন বিএনপি  নেতাকর্মীরা। গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণ অধিকার পরিষদ (নুরুল হক নুর), গণতান্ত্রিক বাম ঐক্য, গণ অধিকার পরিষদ (ডক্টর রেজা কিবরিয়া), লেবার পার্টি, এবি পার্টি ও ইসলামী আন্দোলন লিফলেট বিতরণ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত