দ্বাদশ সংসদ: টেকসই উন্নয়নের জন্য নাগরিকদের সুপারিশ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১১:১৬ পিএম

পরিবেশ রক্ষায় বায়ু, শব্দ ও পানি দূষণ বন্ধ করার অঙ্গীকার দ্বাদশ সংসদ নির্বাচনি ইশতেহারে অন্তর্ভুক্তির দাবি জানানো হয়েছে। রাজধানীর ডেইলি স্টার সেন্টারে আয়োজিত ‘দ্বাদশ সংসদ সুযোগ: টেকসই উন্নয়নের জন্য নাগরিকদের সুপারিশ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এই দাবি তুলে ধরেন আলোচকরা।

ইউএসএআইডির অর্থায়ন এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল দ্বারা বাস্তবায়িত প্রেমোটিং অ্যাডভোকেসি অ্যান্ড রাইটস (পিএআর) প্রকল্প এই আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, শিরিন আক্তার এবং স্বশরীরে উপস্থিত ছিলেন আরমা দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন, প্রান্তিক মানুষের প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সংবাদিকরা।

গোলটেবিল আলোচনা উপলক্ষ্যে পিএআর কর্মসূচির মাধ্যমে ঢাকা ও খুলনার নাগরিক সংগঠন, নাগরিক সমাজ ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিগণ পরিবেশ দূষণ, অপরিকল্পিত নগরায়ণ এবং দলিত  ও ঋষি সম্প্রদায়ের মানুষের সামাজিক অন্তর্ভুক্তি বিষয়ক চিহ্নিত প্রধান প্রধান সুপারিশসমূহ আসন্ন দ্বাদশ সংসদকে সামনে রেখে  নির্বাচনী ইশতেহারে ও অঙ্গিকারে অন্তর্ভুক্তির জন্য উপস্থাপন করেন।  প্রধান প্রধান সুপারিশগুলো হচ্ছে- ১) দলিত ও ঋষি প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক ক্ষমতায়ন ও তাদের সাংবিধানিক অধিকারগুলো নিশ্চিত করা; ২) সব নাগরিকের জন্য সবুজ, সুন্দর ও টেকসই নগরায়নে বিনিয়োগ করা এবং ৩) পরিবেশ রক্ষার্থে বায়ু, শব্দ ও পানি দূষণ বন্ধ করা।

সংসদ সদস্য শিরিন আক্তার বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কারিগরি প্রশিক্ষণ ও শিক্ষা প্রদান সম্প্রসারণ করে কর্মসংস্থান তৈরির প্রতি বিশেষ গুরুত্ব প্রদান জরুরী।

ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, আজকের সংলাপ একটি সময়োপযোগী উদ্যোগ এবং সে জন্য তিনি আয়োজকদের সাধুবাদ জানাই। এই সংলাপ রাজনীতিবিদ ও প্রান্তিক মানুষের সেতুবন্ধন তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

সাবের হোসেন চৌধুরী প্রান্তিক মানুষের সকল সুপারিশের প্রতি  অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেন। তিনি একটি পূর্ণাঙ্গ রোড ম্যাপ তৈরি ও বাস্তবায়নের ওপরও বিশেষ গুরুত্ব আরোপ করেন।

আরমা দত্ত উপস্থাপিত সকল সুপারিশের প্রতি তাঁর পূর্ণাঙ্গ সমর্থন ব্যক্ত করেন। সেই সাথে উপস্থিত প্রান্তিক মানুষের প্রতিনিধিসহ সকল অংশগ্রহণকারী ও আয়োজকদের এই সংলাপ আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত