আগামী ১ জানুয়ারি থেকে গার্মেন্টস খাতের শ্রমিকদের যে ধর্মঘট আহ্বান করা হয়েছিল, সেটি স্থগিত করেছে সম্মিলিত শ্রমিক পরিষদ (এসএসপি)। গতকাল শুক্রবার সংগঠনের এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়েছে।
রাজধানীর পুরানা পল্টনে তোপখানা রোডের মেহেরাব প্লাজায় এসএসপির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলন সংগঠনের প্রধান সমন্বয়ক এএএম ফয়েজ হোসেন ধর্মঘট স্থগিতের কথা জানিয়ে বলেন, ‘দেশের বর্তমান আর্থসামাজিক পরিস্থিতিতে অনিবার্য কারণে ১ জানুয়ারি থেকে ঘোষিত ধর্মঘট কর্মসূচি স্থগিত করা হলো। ধর্মঘটের পরবর্তী সময়সূচি পরে জানানো হবে। তিনি বলেন, ‘আমরা আশা করছি ধর্মঘট শুরুর আগেই সরকার ও মালিকদের শুভবুদ্ধির উদয় হবে। শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়া হবে।’
শ্রমিকদের দুর্দশার কথা তুলে ধরে ফায়েজ বলেন, ‘গত ১ ডিসেম্বর আমরা সরকারকে যে আলটিমেটাম দিয়েছিলাম, সেই বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। আমরা শ্রমিক শ্রেণির সর্বোচ্চ নেতৃত্ব এবং সমাজের জ্ঞানী-গুণীদের কাছে শ্রমিকের পাশে দাঁড়ানোর জন্য জোরালো আহ্বান জানাই। সিভিল সোসাইটির সমর্থন প্রত্যাশা করি।’
ধর্মঘট স্থগিতের পেছনে সরকার থেকে কোনো চাপ আছে কি না বা দাবি মেনে নেওয়ার বিষয়ে সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে ফয়েজ হোসেন বলেন, ‘নির্বাচন কেন্দ্র করে বিভিন্ন স্থানে সংঘাতের সৃষ্টি হচ্ছে। এ ছাড়া গার্মেন্টগুলোর সামনে মালিকদের সন্ত্রাসী বাহিনী অবস্থান করছে। ধর্মঘটের কারণে শ্রমিকদের জীবন যাতে ঝুঁকিতে না পড়ে, তাই আমরা আপাতত আমাদের ধর্মঘট স্থগিত করছি। আমাদের সঙ্গে মালিকপক্ষ বা সরকারের কোনো আলোচনা হয়নি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এসএসপির নির্বাহী সমন্বয়ক আবদুর রহমান, সমন্বয়ক হারুন অর রশিদ, মোশাররফ হোসেন, বাচ্চু ভূঁইয়া, মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, নেক মোহাম্মদ প্রমুখ।
