ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের চারজন নিহত হয়েছে। উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামে আজ শনিবার (৩০ ডিসেম্বর) বিকাল সারে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন জামাল উদ্দিন (৩৫), তার দুই মেয়ে অনিকা (০৪) ও ফারিয়া আক্তার ফাইজা (৬), তার মা আনোয়ারা (৬৫)।
জানা যায়, নিহত জামাল উদ্দিন একই গ্রামের আ. সাত্তারের ছেলে। তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। ঘটনার সময় চার্জে দেওয়া রিকশাটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ঘর থেকে বের করতে গেলে পূর্ব থেকেই খোলা তারে জড়িয়ে পুরো অটোরিকশাটি বিদ্যুতায়িত হয়ে তিনি আটকে যান। এ সময় তার দুই মেয়ে তাকে ধরলে তারা দুজনও আটকে যায়। ঘটনাটি দেখে তার মা আনোয়ারা বেগম ছেলে ও দুই নাতিকে বাঁচাতে গেলে তিনিও আটকে যান।
এভাবেই ঘটনাস্থলে বিদ্যুতের মৃত্যুস্পর্শে চারজন নিহত হয়।
নান্দাইল মডেল থানার ওসি আ. মজিদ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, একটি অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক ঘটনা। আমরা লাশ উদ্ধার করে নিয়ে যাচ্ছি। আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
