থানায় গিয়ে তরুণ বললেন

স্যার, আমার প্রেমিকাকে আমি মেরে ফেলেছি

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ১২:৩৪ এএম

ধারালো বঁটি দিয়ে গলা কেটে প্রেমিকাকে হত্যা করার সাত দিন পর থানায় গিয়ে প্রেমিক বললেন, স্যার, আমি একটা অন্যায় করে ফেলেছি। আমার প্রেমিকাকে আমি মেরে ফেলেছি। শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ মিরাজ রহমান (১৯) নামের এক তরুণ আটক করে এবং তার দেওয়া তথ্যমতে অর্ধগলিত লাশ উদ্ধার করে।

ঘটনাটি ঘটেছে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মনিপুর বাজার এলাকায় ২৪ ডিসেম্বর। নিহত মারিয়া আক্তার ওরফে ঝর্ণা (১৯) গাজীপুর সদর উপজেলার বিকেবাড়ী তালতলী এলাকার মুকুল হোসেনের মেয়ে। আটক মিরাজ মির্জাপুর ইউনিয়নের মনিপুর বাজার এলাকার মজিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মিরাজ ও মারিয়া স্থানীয় একটি কলেজের দ্বিতীয় বর্ষে লেখাপড়া করতেন। সেখান থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু নানা বিষয় নিয়ে মারিয়ার প্রতি সন্দেহ দেখা দেয় মিরাজের। এরই জের ধরে পরিকল্পিতভাবে ২৪ ডিসেম্বর মারিয়াকে বাড়িতে ডেকে নিয়ে যান মিরাজ। এরপর বঁটি দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন তাকে। লাশ গোসলখানায় নিয়ে কাপড় দিয়ে ঢেকে রাখেন। 

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম জানান, শনিবার রাতে মারিয়ার লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত