রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানায় ব্যাডমিন্টন খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. মনিরুজ্জামান মুন্সি (৫৮) নামে পুলিশের এক উপ-পরিদর্শকের মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার (৩১ ডিসেম্বর) রাত নয়টার দিকে গোয়ালন্দ ঘাট থানায় এ ঘটনা ঘটে। মো. মনিরুজ্জামান মুন্সি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কাইচাইল গ্রামের হাসমত মুন্সির ছেলে। মৃত গোয়ালন্দ ঘাট থানায় পুলিশের বিশেষ শাখায় উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, রবিবার রাতে থানার অন্য স্টাফের সঙ্গে থানার মাঠে ব্যাডমিন্টন খেলছিলেন। খেলা চলাকালে হঠাৎ তিনি মাঠেই অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, তার প্রথম জানাজা রাত সাড়ে ১১টার দিকে রাজবাড়ী পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন মনিরুজ্জামান মুন্সি।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘হাসপাতালে আনার পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে তার মৃত্যু নিশ্চিত হই। প্রাথমিকভাবে ধারণা করছি, তিনি আগে থেকে হৃদরোগে আক্রান্ত ছিলেন।
