ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বিচারে ২০২৩ সালের নারী ক্রিকেটের সেরা ওয়ানডে একাদশ ঘোষণা করা হয়েছে। প্রকাশিত সেই দলে বাংলাদেশের দুই নারী ক্রিকেটার জায়গা করে নিয়েছেন। স্পিনার নাহিদা আক্তার ও পেসার মারুফা আক্তার।
বাংলাদেশ নারী দলের জন্য ২০২৩ সাল আলাদা এক স্মৃতির জায়গা হিসেবে থাকবে। ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুখস্মৃতি জমেছে এই দলটির। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে দেশ ও দেশের বাইরে পারফর্ম করেছে ব্যাটে ও বলে। জয় ছিনিয়ে এনেছে, লড়াইয়ের গল্প লিখেছে বারবার।
নাহিদা আক্তার, বাংলাদেশের সাফল্যে এই বাঁহাতি স্পিনার দারুণ সব ভূমিকা রেখেছেন। প্রথমবারের মতো ভারতকে ওডিআই ম্যাচে হারানোর গৌরব অর্জন করে বাংলাদেশের মেয়েরা। নাহিদা ঘরের মাটিতে ভারতের বিপক্ষে এবং ঘরের বাইরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পারফর্ম করেন। মোট ১১ টি ওডিআই ম্যাচ খেলে ৪.০৮ ইকোনমিতে সংগ্রহ করেছেন ২০ টি উইকেট।
মারুফা আক্তার, বাংলাদেশের পেস লাইন-আপে মারুফার অন্তর্ভুক্তি এক নতুন মাত্রা যোগ করেছে। এই ক্রিকেটারের হার না মানা মানসিকতা, লড়াকু ভাবনা- মাঠের খেলায় স্পষ্ট চোখে পড়ে। শুধু যে আক্রমণাত্মক পেস বোলিং দিয়ে প্রতিপক্ষের উইকেট তুলছেন তাই না, তিনি দুর্দান্ত সব ফিল্ডিং দিয়ে রানের চাকাও শ্লথ করে দিতে পারদর্শী। মোট ৯ টি ওডিআই ম্যাচ খেলে ৪.৫২ ইকোনমিতে ১০ টি উইকেট শিকার করেছেন।
বাংলাদেশের এই দুই ক্রিকেটার ছাড়াও সিএ থেকে প্রকাশিত সেরা একাদশে অস্ট্রেলিয়া থেকে ৪ জন, নিউজিল্যান্ড থেকে ২ জন, ইংল্যান্ড থেকে ১ জন, দক্ষিণ আফ্রিকা থেকে ১ জন ও শ্রীলঙ্কা থেকে ১ জন ক্রিকেটার আছেন।
