নিজের শেষ টেস্ট খেলার আগে ব্যাগি গ্রিন হারিয়ে ফেলেছেন ডেভিড ওয়ার্নার। প্রতিপক্ষ দলের অধিনায়ক হিসেবে এ ঘটনায় ভীষণ ব্যথিত ও অবাক শান মাসুদ। সিডনি টেস্টের আগে সংবাদ সম্মেলনে তিনি পরিস্কারভাবে ব্যক্ত করেছেন নিজের মনোভাব। ওয়ার্নার যেন নিজের ব্যাগি গ্রিন নিয়েই মাঠে নামতে পারেন সেটিই আশা মাসুদের। সঙ্গে বাতলে দিয়েছেন তা ফিরে পাওয়ার উপায়ও।
মঙ্গলবার সকালে সামজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ওয়ার্নার নিজের ব্যাগি গ্রিন হারিয়ে যাওয়ার কথা জানান। ওয়ার্নার বলেন, 'আমার ব্যাগটি কেউ নিয়ে গেছে। তার মধ্যে আমার মেয়েদের জন্য উপহার ছিল। আমার ব্যাগি গ্রিন টুপি ছিল। ওই টুপিটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। মাঠে নামার আগে ওই টুপিটা আমার ফেরত চাই। ব্যাগটা যদি কারও খুব পছন্দ হয়ে থাকে, আমি তাকে ওই রকম দেখতে একটা ব্যাগ দিতে পারি। যিনি নিয়েছেন দয়া করে ফেরত দিয়ে যান। আপনাকে কোনো বিপদের মধ্যে পড়তে হবে না। আমি আর একটা ব্যাগ দেব আপনাকে।'
শান মাসুদ এ ঘটনায় সুনির্দিষ্টভাবে বলে দিয়েছেন, ‘অস্ট্রেলিয়ান সরকারের পক্ষ থেকে সারা দেশে খোঁজা উচিত। এটা খুঁজে পেতে সেরা গোয়েন্দার প্রয়োজন হতে পারে। ওয়ার্নার খেলাটার একজন বড় দূত। অবিশ্বাস্য ক্যারিয়ারের জন্য সব সম্মান ও উদযাপন তার প্রাপ্য। আশা করছি, তারা এটা খুঁজে পাবে।'
আগামীকাল শুরু হবে সিডনি টেস্ট। এই টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন ডেভিড ওয়ার্নার। ব্যাগি গ্রিন প্রত্যেক অজি ক্রিকেটারের কাছে অমূল্য জিনিস। নিজের শেষ ম্যাচের আগে প্রিয় এ টুপি যেন ফিরে পান ডেভিড ওয়ার্নার সেটিই প্রত্যাশা।
