ত্রিশাল উপজেলা পরিষদের ভবন নির্মাণে অনিয়ম

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০৭:১২ পিএম

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। ভবন নির্মাণে রড ব্যবহারের ক্ষেত্রে অনিয়ম করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। শিডিউল অনুযায়ী, ২০ মিলিমিটার রড ব্যবহারের কথা থাকলেও ১৬ মিলিমিটার রড ব্যবহার করেছে। 

জানা  গেছে, ত্রিশাল উপজেলা পরিষদ চত্বরে প্রশাসনিক ভবন ও হলরুমের নির্মাণকাজ শুরু হয় চলতি বছরের মার্চে। ৬ কোটি ৮২ লাখ টাকার কাজটি শেষ করার কথা ২০২৪ সালের জুন মাসে। এ ভবনের কাজ পায় মেসার্স এমআই ট্রেডিং অ্যান্ড কোং নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। নিয়ম অনুযায়ী, ভবনে নির্মাণে যে মাপের রড, পাথর ও ইট-বালু ব্যবহারের নির্দেশনা রয়েছে, তা ঠিকঠাক ব্যবহার করছে না ঠিকাদারি প্রতিষ্ঠান। এমন অভিযোগের প্রেক্ষিতে নির্মাণকাজ পরিদর্শন করেন উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান। এসময় তিনি ২০ মিলিমিটার রডের পরিবর্তে ১৬ মিলিমিটার রড ব্যবহারের অনিয়ম পেয়েছেন । এতে  ১২টি আরসিসি পিলার ভেঙে ফেলার নির্দেশ দেন তিনি। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ভবনের কাজে নিম্নমানের পাথর, ইট-বালু ব্যবহার করা হচ্ছে। রড ব্যবহারেও রয়েছে অনিয়ম।

উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, ভবনের ১২টি কলামে (পিলারে) ত্রুটি পাওয়া গেছে। তাই সেগুলো ভেঙে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠানকে। ইতোমধ্যে ৯টি পিলার ভেঙ্গে ফেলা হয়েছে। বাকী গুলোও ভাঙ্গা হবে।

অভিযোগের বিষয়ে জানতে মেসার্স এমআই ট্রেডিং অ্যান্ড কোং এর স্বতাধিকারী কামাল হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও রিসিভ করেননি। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ বলেন, অনিয়মের কথা শুনার পরেই  উপজেলা প্রকৌশলীকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। ঠিকাদারি প্রতিষ্ঠানকে শোকজ করতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত