ঢাকায় বিদ্যুতের উন্নয়নে ১৬ কোটি ডলার দেবে এডিবি

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১২:৪৭ এএম

ঢাকায় বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে ১৬ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতি ডলার সমান ১১০ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১ হাজার ৭৬০ কোটি টাকা। এর মাধ্যমে ঢাকার শত কিলোমিটার ঝুলন্ত বৈদ্যুতিক তার মাটির নিচে স্থানান্তর করা হবে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালেও মাটির নিচ দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হবে। 

গতকাল অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকি ও এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং চুক্তিতে সই করেন। গতকাল মঙ্গলবার ইআরডি থেকে এই তথ্য জানানো হয়। ঢাকার বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ককে উন্নত করতে, দক্ষতা বাড়াতে এবং জ্বালানি সরবরাহ বাড়াতে ঋণ চুক্তি স্বাক্ষর করা হয়।

ইআরডি জানায়, ঢাকা পাওয়ার সিস্টেম সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় আটটি সাবস্টেশন নির্মাণ করা হবে। ১০০ কিলোমিটারের বেশি জলবায়ু এবং দুর্যোগ-প্রতিরোধী ভূগর্ভস্থ তার এবং ১৫০ কিলোমিটার ওভারহেড লাইন স্থাপন করবে। প্রকল্পটি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডকে (ডেসকো) সহায়তা করবে।  প্রকল্পের মাধ্যমে ভবিষ্যতের সমস্ত অবকাঠামো প্রকল্পগুলোর জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান পূরণ করা নিশ্চিত করবে।

এডিবি’র ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং বলেন, ‘এই প্রকল্পে দুই লাখ নতুন এবং ১১ লাখ বিদ্যমান আবাসিক, বাণিজ্যিক এবং শিল্প গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করা হবে। পাশাপাশি ঢাকার নতুন বিমানবন্দর টার্মিনালের জন্য নির্ভরযোগ্য, দক্ষ এবং উন্নত মানের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। এটি বিদ্যুতের অপচয় কমাতে সহায়তা করবে। প্রতি বছর কমপক্ষে ১৪ হাজার ৭০০ টন কার্বন ডাই অক্সাইড নির্গমন কমাতে সহায়তা করে জলবায়ু সহায়ক বিদ্যুৎ সরবরাহ করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত