সোনালি আঁশের বোনাস লভ্যাংশে এসইসির সম্মতি

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১২:৪৭ এএম

পুঁজিবাজারে পাট খাতে তালিকাভুক্ত কোম্পানি সোনালি আঁশ লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল ঢাকা ও চিটাগং স্টক এক্সচেঞ্জকে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। বোনাস লভ্যাংশে এসইসির সম্মতির ফলে পরিশোধিত মূলধন বাড়ানোর সুযোগ পেল সোনালি আঁশ।

স্বল্প মূলধনী কোম্পানি সোনালি আঁশ ২০২২-২৩ হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও ১০০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে কোম্পানির পরিচালনা পর্ষদ। এজন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) জন্য ৩১ ডিসেম্বর তারিখ নির্ধারিত ছিল। তবে ওই সময় পর্যন্ত কোম্পানিটির বোনাস লভ্যাংশ এসইসি কর্তৃক অনুমোদন না হওয়ায় এজিএম স্থগিত করে কোম্পানি কর্তৃপক্ষ। পরে এসইসির অনুমোদন পাওয়ার পর গতকাল মঙ্গলবার কোম্পানিটি লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ও বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরবর্তীকালে জানানোর কথা জানায়।

বর্তমানে সোনালি আঁশের পরিশোধিত মূলধন হচ্ছে ৫ কোটি ৪২ লাখ ৪০ হাজার টাকা। শতভাগ বোনাস লভ্যাংশ অনুমোদন হলে পরিশোধিত মূলধন দাঁড়াবে ১০ কোটি ৮৪ লাখ ৮০ হাজার টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত