চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে এবারের জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ ছালেম গত এক সপ্তাহ ধরে তার দলের চেয়ারম্যান জিএম কাদের বা মহাসচিব মুজিবুল হক চুন্নুর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। এমনকি দিনে কয়েকবার ফোন দিলেও দুজনের কেউ ফোন ধরছেন না। যার কারণে এবারের নির্বাচনে দলের নির্দেশনা বা পরিকল্পনা নিয়ে নানা সমস্যায় আছেন বলে জানান মোহাম্মদ ছালেম।
মোহাম্মদ ছালেম দেশ রূপান্তরকে বলেন, ‘১০-১২ দিন আগে আমরা দলের চেয়ারম্যান বা মহাসচিবকে ফোন করলে পেতাম। তাদের কাছ থেকে নির্দেশনা নিয়ে ভোটের মাঠে কাজ করেছি। গত এক সপ্তাহ ধরে তাদের কাছ থেকে কোনো সাড়া পাচ্ছি না। এমনকি দল থেকে নির্বাচনী খরচ হিসেবে যে টাকা দেওয়ার কথা ছিল, সে টাকাটাও আমি এখনো পাইনি। তাই বর্তমানে নির্বাচনী প্রচার-প্রচারণা কিছুটা কম হলেও পরে গণসংযোগ বাড়বে।’
এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোহাম্মদ সেলিম বলেন, ‘ বর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান বা মহাসচিব কী কারণে যোগাযোগ বন্ধ রেখেছেন তা আমাদের প্রার্থীই ভালো জানবেন। আমরা নির্বাচনের পূর্বে গণসংযোগ ও প্রচার-প্রচারণা আরও বাড়াব।
প্রসঙ্গত, লোহাগাড়া-সাতকানিয়ায় নির্বাচনী মাঠ গরম রেখেছেন কেবলমাত্র নৌকা প্রতীকের প্রার্থী ড. আবু রেজা নদভী এবং ঈগল প্রতীকের প্রার্থী এমএ মোতালেব। নির্বাচনী এলাকায় জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ ছালেমের কিছু ব্যানার আর পোস্টার ছাড়া আর তেমন কোনো প্রচার-প্রচারণা চোখে পড়ছে না। এই আসনে মোট সাত প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
