বয়লার বিস্ফোরণে দুই শিশুসহ একই পরিবারের তিনজনের মৃত্যু

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১২:০৫ পিএম

ঠাকুরগাঁওয়ে একটি হাস্কিং মিলের বয়লার বিস্ফোরণে দুই শিশুসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন, দীপ্তি দাস, তার মেয়ে পূজা, ভাতিজা পলক। আহত হয়েছেন দীপ্তি দাসের স্বামী সাগর দাস ও একজন পথচারী। তাদের ঠাকুরগাঁও ২৫০ শষ্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ বৃহ্স্পতিবার (০৪ জানুয়ারি) সকাল ৯টায় সদর উপজেলা রহিমানপুর পল্লী বিদ্যুৎ দাসপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে ।

স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশে রোদ পোহাচ্ছিল সাগর দম্পতির পরিবারের চারজন। এসময় বাড়ির পাশে সাইদুল ইসলামের রাইস মিলের বয়লার আকস্মিকভাবে বিস্ফোরণ হলে সাগর দাসের স্ত্রী, মেয়ে ও ভাতিজা ঘটনাস্থলেই মারা যান। আহত হন সাগরসহ দুইজন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসীর অভিযোগ, রাস্তার পাশ থেকে রাইস মিলের বয়লারটি সরিয়ে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল। কিন্তু এলাকাবাসীর দাবিকে কোনো তোয়াক্কা করেনি রাইসমিলের মালিক। 

এ ঘটনার পর জেলা প্রশাসক, ইউএনওসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে দোষির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। 
 
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ সারোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছে দুইজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঠাকুরগাঁওয়ের এএসপি মিথুন সরকার ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং তদন্ত সাপেক্ষে দোষীদের কিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত