গিয়াস উদ্দিন সেলিমের সিনেমায় দীঘি

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৫:৫৩ পিএম

মুক্তির অপেক্ষায় রয়েছে গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজল রেখা’ সিনেমা। তার আগেই এল নতুন ঘোষণা। ওয়েব ফিল্ম নির্মাণ করতে যাচ্ছেন তিনি, নাম ‘স্বল্পদৈর্ঘ্য প্রেমের গল্প’। এতে অভিনয় করবেন প্রার্থনা ফারদিন দীঘি। বুধবার ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’র অফিসে চুক্তিবদ্ধ হন তারা।

এ সময় দীঘি বলেন, ‘সেলিম আংকেল আমার খুব প্রিয় একজন নির্মাতা। আমাদের মাঝেমধ্যে দেখা হয়। কিন্তু কখনো কাজ করা হয়ে ওঠেনি। মাসখানেক আগে একদিন দেখা হলে সেলিম আংকেলকে বললাম, আমাকে নিয়ে এবার ভাবেন। আপনার সঙ্গে কাজ করতে চাই। তিনি আমার কথা শুনে হাসলেন। কিছু বললেন না। এই ঘটনার ১৫ দিন পরেই ফোন পেলাম বঙ্গ থেকে। তারা জানাল, সেলিম আংকেল একটা প্রজেক্ট করছেন। তিনিই আমার কথা বলেছেন। এরপর আমি বঙ্গর সঙ্গে বসলাম। আর গতকাল তো একসঙ্গে চুক্তিবদ্ধও হলাম।’

প্রথমবার সেলিমের সঙ্গে কাজ করা নিয়ে উচ্ছ্বসিত দীঘি বললেন, ‘এত দ্রুত সেলিম আংকেলের সঙ্গে কাজ করতে পারব তা ভাবিনি। আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। ছোটবেলা থেকে তার নির্মাণ দেখে আসছি। ‘মনপুরা’ সিনেমাটা আমার খুব প্রিয়। সব সময় ভাবতাম, যদি সেলিম আংকেলের এমন একটা সিনেমা করতে পারতাম! এবার শুরুটা তো হলো। খুব শিগগির হয়তো তার আরও সিনেমায় সুযোগ পাব। এই ওয়েব ফিল্মটি বঙ্গর ‘লাভ স্টোরিজ’ সিরিজের।’

জানা গেছে, নির্বাচনের পরপরই শুরু হবে ছবিটির শুটিং। ‘স্বল্পদৈর্ঘ্য প্রেমের গল্প’ ছবিতে দীঘির সঙ্গে অভিনয় করবেন খায়রুল বাসার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত