প্রহসনমূলক ডামি নির্বাচন বাতিল করে তত্বাবধায়ক সরকারের অধীনে গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন আয়োজনসহ ৪ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।
বৃহস্পতিবার বিকেলে এ কর্মসূচি থেকে গণ-আন্দোলন গড়ে তোলার জন্য সারাদেশের শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র ও মুক্তিকামী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘গণতন্ত্রের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়’-এর ব্যানারে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের দাবিসমূহের মধ্যে রয়েছে-
১. আগামী ৭ জানুয়ারির প্রহসনমূলক পাতানো ডামি নির্বাচন বাতিল করে তত্বাবধায়ক সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণমূলক অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে।
২. সকল দলের অংশগ্রহণে সংলাপ ও ঐক্যমতের ভিত্তিতে মহান সংবিধানের গণতান্ত্রিক সংস্কার করে একটি টেকসই ও সার্বজনীন গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে হবে।
৩. সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার নিশ্চিত করতে হবে।
৪. নির্বাচনব্যবস্থা ও রাষ্ট্রের অন্যান্য সকল অনুষঙ্গের সাথে একাডেমিয়ার সম্পর্ক নিশ্চিত করতে হবে।
আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরমানুল হক, টেলিভিশন ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের জালাল আহমেদ, প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উমামা ফাতিমা, নূমান আহমাদ চৌধুরী (সাংবাদিকতা বিভাগ) ও সাকিবুর রনি (পদার্থবিজ্ঞান বিভাগ) প্রমুখ।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আরমানুল হক বলছেন, আমরা এসব দাবিতে মৌন মানববন্ধন, নীরব পদযাত্রা করেছি। আমরা মনে করি, দেশ ও জাতিকে এই অচলাবস্থা থেকে পরিত্রাণে গুরু দায়িত্বভার ছাত্রসমাজের কাঁধেই তুলে নিতে হবে।
