নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনে নৌকার মনোনীত প্রার্থী মোরশেদ আলম বলেছেন, আমি নাটেশ্বরের সন্তান। আমি গত ১০ বছর এলাকার উন্নয়নে কাজ করেছি। সন্ত্রাস কিশোর গ্যাং সৃষ্টি করি নাই। আমি শান্তিতে বিশ্বাসী। আমি উন্নয়ন দিয়ে গেছি। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ৭ তারিখে নৌকা মার্কায় ভোট দিন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, গত ১০ বছরে আমার এলাকায় কোনো খুনখারাপি হয়নি। বিভক্তি বিভাজন হতে দিইনি। এলাকায় সুন্দর পরিবেশ সৃষ্টি করেছি। প্রধানমন্ত্রী আমাকে এবারও নৌকা দিয়েছেন। আগামী নির্বাচনে আপনারাসহ মা বোনদের নিয়ে ভোট কেন্দ্রে যাবেন, নৌকা মার্কায় ভোট দেবেন।
সভায় সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল হক বাকের, সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি জসিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
