ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহনের চাপায় মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বরিশাল গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, মুলাদী পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কাসেম ফরাজীর ছেলে ইয়াদ উদ্দিন কামাল (৩৫)।
এদিকে ঘটনার পরেই স্থানীয়রা ঘাতক সাকুরা পরিবহনের চালক ও হেলপারকে পুলিশের কাছে সোপর্দ করে।
বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা বলেন, গৌরনদী হয়ে মুলাদীগামী একটি মোটরসাইকেলের সাথে ঢাকাগামী সাকুরা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন।
এ ঘটনায় সাকুরা পরিবহনের চালক বরগুনা জেলার আমতলীর গুলিশাখালী গ্রামের পুলিন মিস্ত্রির ছেলে মিন্টু মিস্ত্রি (৩৫) ও হেলপার বরিশালের শায়েস্তাবাদ এলাকার নুরুল হক হাওলাদারের ছেলে রবিন হাওলাদারকে (২৩) আটক করা হয়েছে।
