তিন দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১০:৪৩ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে সাপ্তাহিক ছুটিসহ তিন দিন বন্ধ থাকছে আমদানি ও রপ্তানি কার্যক্রম। এ সময় পুলিশ অভিবাসন চৌকি (ইমিগ্রেশন) খোলা থাকায় পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

আজ শুক্রবার (৫ জানুয়ারি) সকালে বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান ছায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৬ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি বুড়িমারী স্থলবন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এসময় ভারতীয় চ্যাংরাবান্ধার পন্য রপ্তানি কার্যক্রম বন্ধ রাখবেন।

আগামী ৮ জানুয়ারি (সোমবার) বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানিসহ সব ব্যবসায়ী কার্যক্রম পুনরায় চালু করা হবে।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মুর হাসান কবির বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুইদিন বুড়িমারী স্থল শুল্ক স্টেশন ও স্থলবন্দরের আমদানি-রপ্তানি এবং ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকলেও বুড়িমারী অভিবাসন চৌকি হয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে।

বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান ছায়েদ বলেন, বুড়িমারী শুল্ক স্টেশন ও স্থলবন্দর এবং ভারতীয় চ্যাংরাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত