চাঁদপুরে যাত্রীবাহী বাসে আগুন

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০১:১৯ পিএম

চাঁদপুরে আনন্দ পরিবহনের একটি দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোর ৫টায় শহরের বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাসের হেলপার খোকন অগ্নিদগ্ধ হয়ে চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তবে এটি কি দুর্ঘটনা না দুর্বৃত্তায়ন তা নিশ্চিত হওয়া যায়নি।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, ভোরে বাসে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়ে বাসের ড্রাইভার নাসির উদ্দিন ও হেলপার খোকন। এ সময় হেলপার খোকনের পাশে থাকা কয়েল থেকে তার শীতবস্ত্রে অগ্নিকাণ্ডের আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়লে দুজনেই বাস থেকে নেমে পড়েন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় আহত খোকনকে চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েল থেকে আগুন লেগেছে গাড়িতে। তবে ভিন্ন দাবি করেছেন বাসের মালিক শম্ভু চন্দ্র দাস। তিনি বলেন, কয়েকজন মুখোশধারী যুবক গাড়িতে আগুন দিয়েছে। গাড়িটি গতকাল নির্বাচনী কাজে নিয়োজিত ছিল। আজকেও নির্বাচনের কাজে যাওয়ার কথা ছিল।

বাসচালক নাছির উদ্দিন বিপ্লব জানান, আমরা গাড়িতে ঘুমিয়েছিলাম। আগুন লাগার পর গাড়ি থেকে লাফিয়ে নামার সময় আমরা আহত হই। তবে খোকনের শরীরের কিছু অংশ পুড়ে গেছে বলে জানান তিনি।

চাঁদপুর ফায়ার সার্ভিস চাঁদপুর উত্তর স্টেশনের উপপরিচালক সানোয়ার হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ততক্ষণে বাসের সিট ও গ্লাস আংশিক পুড়ে গেছে। তদন্তের পর বলা যাবে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত