আগামীকাল জাতীয় নির্বাচন সুষ্ঠভাবে আয়োজনের দায়িত্ব পালন করবেন দেশের ক্রীড়াঙ্গনের অনেকেই। সাবেক ক্রীড়াবিদ যারা এখন কোচের দায়িত্ব পালন করছেন এমন কয়েকজনকে দেখা যাবে নির্বাচনী কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসারের ভূমিকায়।
বাংলাদেশের শুটিংয়ের অন্যতম তারকা আসিফ হোসেন খান। ২০০২ সালে কমনওয়েলথ গেমসে স্বর্ণ জেতা এই শুটার এখন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের কোচ। আগামীকালের নির্বাচনে বিকেএসপির নিকটবর্তী এক স্কুলে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকবেন তিনি।
বিকেএসপির ফুটবল কোচ জয়া চাকমা, পরিতোষ দেওয়ান, বাস্কেটবল কোচ খালেদ মাহমুদ আকাশ সহ আরো কয়েকজনের নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পেয়েছেন।
জাতীয় ক্রীড়া পরিষদের অনেক কোচেরও থাকবে নির্বাচনী দায়িত্ব। জাতীয় ক্রীড়া পরিষদের হকি কোচ মোবারক করিম লিটন ও পালন করবেন সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব। দাবার কোচ আবু সুফিয়ান শাকিল, ক্রিকেট কোচ স্বপ্নীল, ভলিবল কোচ মামুন, বক্সিং কোচ আতিয়ার রহমান, ভলিবল কোচ জহুরা বেগমসহ অনেকেই থাকবেন এ দায়িত্বে।
তবে এবার ঢাকা, জাহাঙ্গীরনগর, বুয়েটসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব পড়েনি।
