জামালপুর-৫ আসনের স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী রেজাউল করিম রেজনু আসনটিতে পুনঃর্নির্বাচনের দাবি করেছেন। এ নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। আসনটির সকল ভোটকেন্দ্রে অবৈধভাবে সিল মারা হয়েছে বলে অভিযোগ তুলেছেন রেজাউল।
আজ রবিবার বিকেল ৩টার দিকে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার পুলিং এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার সকল কেন্দ্রে ব্যালট পেপার নিয়ে অবৈধভাবে সিল মেরে বাক্স ভরে রেখে আমার সুনিশ্চিত বিজয়কে নসাৎ করা হয়েছে।
তিনি আরো বলেন, ভোটের দিন সকাল থেকেই আমার বিভিন্ন কেন্দ্রে পুলিং এজেন্টেদের ভয় দেখানো হয়েছে। নির্বাচন যে সুষ্ঠু হয়নি তার বাস্তব প্রমাণ হলো, হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হাতেনাতে ভুয়া ভোট ধরা পড়েছে।
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শফিউর রহমান সাংবাদিকদের জানান, তিনি কী অভিযোগ দিয়েছেন, তা আমরা পর্যালোচনা করব।
আসনটিতে সাত জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত আবুল কালাম আজাদ, জেপির প্রার্থী বাবর আলী খান, জাপার প্রার্থী জাকির হোসেন, এনপিপির প্রার্থী রফিকুল ইসলাম, বিসির প্রার্থী আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত-উল করীম, সিএসপির মো.সাবিজ্জুজামান এবং স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম।
