ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গতকাল রবিবার বেলা ২টার দিকে ভোট দিতে এসে রুহন মিয়া (৫৩) নামের এক ব্যক্তি মারা গেছেন। চিকিৎসক ধারণা করছেন স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।
নিহত রুহন মিয়া কসবা পৌর শহরের শাহপুর এলাকার আলমাছ মিয়ার ছেলে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করছেন আইনমন্ত্রী আনিসুল হক। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনএমের শাহীন খান (আম) এবং বাংলাদেশ তরিকত ফেডারেশনের সৈয়দ জাফরুল কুদ্দুছ (ফুলের মালা)। রুহন মিয়া কসবা পৌরসভার শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গতকাল বেলা ২টার দিকে ভোট দিতে লাইনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা জামাল চৌধুরী বলেন, রুহনকে হাসপাতালে আনা হলে ইসিজি ও পরীক্ষা করে দেখা যায় তিনি মারা গেছেন। ধারণা করা হচ্ছে স্ট্রোক করে ঘটনাস্থলেই মারা গেছেন তিনি।
