নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুনের বিরুদ্ধে ত্রাণের কম্বল বিতরনে অনিয়মের অভিযোগ উঠেছে। তিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস থেকে ৪শ ১০ পিস কম্বল নিয়ে আসেন। দুই বস্তা কম্বল ইউনিয়ন পরিষদে এবং বাকি চার বস্তা কম্বল তার নিজ বাড়িতে পাওয়া গেছে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) তার বাড়িতে গিয়ে ৪ বস্তা কম্বল পাওয়া গেছে। এমনকি তার বিছানায় ত্রাণের কম্বল পাওয়া গেছে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুন জানান, সরকারি ৩শ ৫০ পিস কম্বল পেয়েছি। বাকি ৬০ পিস কম্বল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইউএনও কথা বলে রেখে দিয়েছে। ৪ বস্তা কম্বল আমার বাড়িতে আছে, বাকি ২ বস্তা কম্বল ইউনিয়ন পরিষদে রাখা আছে। আমি সুনামগঞ্জ থেকে এসে কম্বল বিতরন করব। বাড়িতে কম্বল রাখার বিষয়টি জিজ্ঞেস করলে তিনি এড়িয়ে যান।
উপজেলা সমবায় কর্মকর্তা ও ইউপি ট্যাগ অফিসার মো. আবুল কালাম আজাদ জানান, ইউনিয়ন পরিষদে কম্বল নেয়ার বিষয়টি আমার জানা নাই। তবে কম্বল চেয়ারম্যানের বাড়িতে রাখা ঠিক নয়। রেখে থাকলে তিনি অন্যায় করেছেন।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শওকত জামিল জানান, ত্রাণের কম্বল চেয়ারম্যানের বাড়িতে রাখার কোন বিধান নেই। চেয়ারম্যান ত্রাণের কম্বল ব্যবহার কিংবা তার বাড়িতে রাখলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
