আট বছরের কারাদণ্ড লামিচানের

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০৬:৩৪ পিএম

ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হওয়া নেপালের সাবেক অধিনায়ক সন্দীপ লামিচানেকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন কাঠমান্ডুর জেলা আদালত। পাশাপাশি ৩ লাখ নেপালি রুপি জরিমানার সঙ্গে ভুক্তভোগীকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে তাকে। দ্য কাঠমান্ডু পোস্ট এ তথ্য নিশ্চিত করেছে।

কাঠমান্ডুর ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস গত বছরের ২১ আগস্ট লামিচানকে আসামী করে ১৭ বছর বয়সী অপ্রাপ্তবয়ষ্ক মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করে। মেয়েটিও ৬ সেপ্টেম্বর গৌশালা মেট্রোপলিটন পুলিশ সার্কেলে নিজেই অভিযোগ দায়ের করেন। হোটেল কক্ষে তার সঙ্গে এ ঘটনা ঘটেছিল বলে অভিযোগপত্রে জানানো হয়।

দীর্ঘদিন শুনানী চলার পর গত ২৯ ডিসেম্বর আদালত লামিচানেকে দোষী সাব্যস্ত করে মামলায় রায় দেন। কাঠমান্ডুর জেলা আদালতের কর্মকর্তা রামু শর্মা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আদালত তাকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন।’

তবে ২৩ বছর বয়সী লামিচানে এ মামলায় জামিনে আছেন। তার আইনজীবী সরোজ ঘিমিরে বলেছেন, ‘লামিচানে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত