সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীরা। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে প্রথমে আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্যরা শপথগ্রহণ করেন। পরে যথাক্রমে স্বতন্ত্র সংসদ সদস্য এবং জাতীয় পার্টি ও অন্য দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। তাদের সবারই শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
গতকাল সকালে শপথ অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তিলাওয়াত করা হয়। এরপর স্পিকার নিজেই নিজের শপথবাক্য পাঠ করেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব আব্দুস সালাম।
এদিকে সংসদ সদস্যদের শপথের পর সংসদীয় দলের সভায় টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সংসদ নেতা নির্বাচিত হয়েছেন। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শেখ হাসিনার নাম প্রস্তাব করেন এবং নূর-ই-আলম চৌধুরী লিটন ওই প্রস্তাবের পক্ষে সমর্থন জানান। পরে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গ্রহণ করা হয়।
একইভাবে এ সময় সংসদ উপনেতাও নির্বাচিত করা হয়। একাদশ জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরীকে দ্বাদশ জাতীয় সংসদের উপনেতা নির্বাচিত করা হয়।
এদিকে সংসদীয় দলের সভায় বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আবারও স্পিকার হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়। শামসুল হক টুকুকে আবারও ডেপুটি স্পিকার নির্বাচিত করার সিদ্ধান্ত হয়।
এ ছাড়া বর্তমান হুইপ নুর-ই-আলম চৌধুরী লিটনকে দ্বাদশ জাতীয় সংসদে চিফ হুইপ হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে। লিটন চৌধুরী আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি একাদশ জাতীয় সংসদের চিফ হুইপের দায়িত্ব পালন করেন।
গতকাল ১০টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান একাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তিনি এবারের নির্বাচনে রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। আজ সংসদ সদস্যদের শপথ পাঠ করানোর আগে প্রথমে তিনি সংবিধান ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী নিজেই সংসদ সদস্য হিসেবে নিজের শপথ নেন। এরপর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। পরে সবাই শপথ বইয়ে স্বাক্ষর করেন।
এরপরই বর্তমান সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি থেকে নির্বাচিত এবং স্বতন্ত্র সংসদ সদস্যসহ অন্যান্য দল থেকে নির্বাচিত সংসদ সদস্যদের পর্যায়ক্রমে শপথবাক্য পাঠ করান স্পিকার।
গতকাল সকাল ৮টার পর থেকেই দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত এমপিরা সংসদে আসতে শুরু করেন। সবাই একে অন্যের সঙ্গে কুশলবিনিময়ে ব্যস্ত থাকেন। এ সময় সংসদের দক্ষিণ প্লাজায় উৎসবের আমেজ পাওয়া যায়। দ্বাদশ সংসদের সদস্যরা শপথ নেওয়ার পর জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। ওই সভা থেকেই সংসদ নেতা, উপনেতা নির্বাচন করা হয়।
