মোটরসাইকেল থেকে ছিটকে পড়লেন শিক্ষিকা, মারা গেলেন

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৪:৪৬ পিএম

জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের স্কুলে যাওয়ার পথে খালেদা খানম খুশি (৪০) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। ওই শিক্ষক স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রানাগাছা ইউনিয়নের বাদেচান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খুশি সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর কুমারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ওই এলাকার টিপিএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক রিপনের স্ত্রী। তারা দীর্ঘদিন ধরে জামালপুর শহরে ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহত শিক্ষিকার স্বামীর বড় ভাই শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা মিঠু জানান, প্রতিদিনের মতো শহর থেকে সকালে ছোট সন্তানসহ তারা স্বামী-স্ত্রী মোটরসাইকেলযোগে স্কুলে যাচ্ছিলেন। তারা দুজন একই এলাকায় দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তারা বাদেচান্দি এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের সামনে কুকুরের বাচ্চা দৌড় দেয়। এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে পেছন থেকে ছিটকে পড়ে যান খুশি, মাথায় আঘাত পান। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্ত্যবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জুয়েল আশরাফ সাংবাদিকদের জানান, আমরা শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত থানার (ওসি) মো. মহব্বত কবির সড়ক দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যুর বিষয়টা নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত