টম ক্রুজের এক বছরের চুক্তি 

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৮:০৩ পিএম

টম ক্রুজ হলিউডের প্রভাবশালী প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রোস ডিসকভারির সঙ্গে চুক্তি করেছেন। এই চুক্তির আওতায় ২০২৪ সালে এই প্রযোজনা সংস্থা থেকে অরিজিনাল এবং ফ্র্যাঞ্চাইজি সিনেমা তৈরি করবেন। এসব চলচ্চিত্রে অভিনয়ও করতে যাচ্ছেন হলিউডের আলোচিত অভিনেতা।

ওয়ার্নার ব্রোস ডিসকভারি জানিয়েছে, হলিউডের অন্যতম নির্ভরযোগ্য ও জনপ্রিয় অভিনেতা টম ক্রুজের সঙ্গে তারা একটি চুক্তি করেছে। একসঙ্গে ২০২৪ সালে অরিজিনাল এবং ফ্র্যাঞ্চাইজি ফিল্মগুলোর নির্মাণ ও প্রযোজনা করবে। টম ক্রুজ সেই চলচ্চিত্রগুলোর সব কটিতে অভিনয় করবেন। টম ক্রুজের সঙ্গে ফিল্ম পার্টনারশিপের চুক্তি স্বাক্ষর করেছেন ওয়ার্নার ব্রোস মোশন পিকচার গ্রুপের কো-চেয়ারম্যান মাইকেল ডি লুকা, পাম আবডি ও সিইও ডেভিড জাসলাভ, যারা বরাবরই ক্যামেরার পেছনে এবং ক্যামেরার সামনে শীর্ষ প্রতিভা নিয়ে কাজ করার ইচ্ছা পোষণ করে এসেছেন।

কমস্কোরের সিনিয়র মিডিয়া বিশ্লেষক পল ডারগারবেডিয়ান বলেছেন, ‘বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র তারকা টম ক্রুজের সঙ্গে এই চুক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রতিভা প্রতিভাকে আকৃষ্ট করে এবং প্রতিটি স্টুডিও হাই প্রোফাইল চলচ্চিত্র নির্মাতা এবং তারকাদের সঙ্গে তাদের কাজগুলো করতে চায় যেন বিশ্বের কাছে এই সব সৃজনশীল শিল্পীদের প্রতি তাদের প্রতিশ্রুতি তুলে ধরতে পারে।’

টম ক্রুজ ‘টপ গান’, ‘দ্য লাস্ট সামুরাই’ এবং ‘মিশন: ইম্পসিবল’ সিরিজের মতো চলচ্চিত্রের প্রধান ভূমিকায় অভিনয় করেছেন, চুক্তির পর বারব্যাঙ্কের ওয়ার্নার ব্রোস ডিসকভারি লটে একটি অফিস পেতে চলেছেন, যেখানে ক্লিন্ট ইস্ট উড এবং ফ্রাঙ্ক সিনাত্রার মতো তারকারা রয়েছেন।

আশির দশক থেকেই টম ক্রুজ বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে সবচেয়ে জনপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম। পাঁচ দশকের ক্যারিয়ার জুড়ে, ক্রুজের সিনেমাগুলো বিশ^ব্যাপী ১২ বিলিয়নেরও বেশি আয় করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত