পৌষের শেষে কনকনে ঠান্ডা বাতাসে চুয়াডাঙ্গায় স্থবিরতা নেমে এসেছে জনজীবনে। ঠান্ডা বাতাসের সঙ্গে ঘনকুয়াশা ভোগান্তি বাড়িয়েছে আরও। দিনের বেশিরভাগ সময় দেখা মিলছে না সূর্যের।
আজ শুক্রবার (১২ জানুয়ারি) চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশিমক ৬ ডিগ্রি সেলসিয়াস। বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।
শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে মানুষের ভোগান্তি বেড়েছে। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। কয়েক দিন ধরে দেখা মিলছে না সূর্যের। মধ্য বেলায় কিছুক্ষণের জন্য রোদের দেখা মিললেও হিমেল বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে উত্তাপ ছড়াতে পারছে না সূর্য। দিনভর শীতে জবুথবু থাকতে হচ্ছে। ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী মানুষেরা।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, তাপমাত্রা নেমেছে এক অঙ্কের ঘরে। বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। রয়েছে বৃষ্টির পূর্বাভাসও। এটি সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
