জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়কে দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দিয়েছেন দলের চেয়ারম্যান জি এম কাদের। আজ শুক্রবার (১২ জানুয়ারি) জাতীয় পার্টির যুগ্ম-দপ্তর সম্পাদক মাহমুদ আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে অব্যাহতির খবর পেয়ে তাৎক্ষণিক এক ফেসবুক পোস্টে সুনীল শুভ রায় লিখেছেন, 'মিডিয়া সূত্রে জানতে পারলাম কা-চু পরিচালিত 'জাতীয় পার্টি' নামের বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমার কাছে এই অব্যাহতি পত্র কচু পাতার চেয়েও মূল্যহীন।'
জাপা সূত্র জানায়, গত বুধবার দলটির বনানী কার্যালয়ে পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুর পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেন দলের নেতাকর্মীরা। তাঁরা দলের ভেতর স্বেচ্ছাচারিতা, মনোনয়ন বাণিজ্য এবং স্বজনপ্রীতির অভিযোগে দলের চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর অপসারণ দাবি করেন। এসব ঘটনায় কাজী ফিরোজ রশীদ ও সুনীল শুভ রায়কে দায়ী করে দল থেকে তাঁদের সব পদ-পদবি থেকে আজ শুক্রবার অব্যাহতি দেওয়া হয়েছে।
কাজী ফিরোজ রশিদ ঢাকা–৬ আসনের সাবেক সংসদ সদস্য। এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ওই আসনেই দলের মনোনয়ন পেয়েছিলেন। তবে আওয়ামী লীগ ঢাকা-৬-এ জাপাকে ছাড় দেয়নি বলে মনোনয়ন প্রত্যাহার করে নেন তিনি। আর সুনীল শুভ রায় প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন।
