২০২২ সালের ইউএস ওপেনের পর আবার কোনো গ্র্যান্ড স্ল্যামের মঞ্চে দেখা গেল নারী টেনিসের সাবেক নাম্বার ওয়ান জাপানের নাওমি ওসাকাকে। তবে প্রথম রাউন্ডেই শেষ হলো গ্র্যান্ড স্ল্যাম প্রত্যাবর্তনের গল্প। ১৬তম বাছাই ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়ার কাছে সরাসরি সেটে হেরে গেছেন নাওমি।
প্রথম সেট ৪-৬ ব্যবধানে হারার পর দ্বিতীয় সেটে দারুণভাবে ফিরে এসেছিলেন ২৬ বছর বয়সী নাওমি। তবে শেষ পর্যন্ত টাইব্রেকে হেরে যান ৬(২)-৭(৭) গেমে।
মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে ২০২২ সালের সেপ্টেম্বরে র্যাকেটটি তুলে রাখেন নাওমি। এরপর মাতৃত্বের স্বাদ পান গত বছরের জুলাইয়ে। ব্রিজবেন ইন্টারন্যাশনাল দিয়ে প্রতিযোগিতামূলক টেনিসে ফেরেন চারবারের গ্র্যান্ড স্লামজয়ী এ তারকা। তবে মেজর টুর্নামেন্ট বলতে আগামী মে মাসে ফ্রেঞ্চ ওপেনের দিকেই নজর ছিল নাওমির। মাঝের সময়টুকুতে নিজের ছন্দ ফিরে পাওয়ার সময় পাবেন এ তারকা।
