নাটকীয় সুপার ওভারে রোহিত কি আইন ভেঙেছেন

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১০:২৩ এএম

ভারত-আফগানিস্তান শেষ টি-টোয়েন্টি ম্যাচের রেশ রয়ে গেছে নাটকীয় জোড়া সুপার ওভারে খেলা নিষ্পত্তির পরেও। প্রশ্ন একটাই! রোহিত শর্মা কি এ ম্যাচে রিটায়ার আউট ছিলেন নাকি রিটায়ার হার্ট?

বেঙ্গালুরুতে ৪২৪ রানের ম্যাচ টাই হওয়ার পর প্রথম সুপার ওভারেও দুই দলই তোলে ১৬ রান করে। এই সুপার ওভারে আফগানিস্তানের দেওয়া ১৭ রানের লক্ষ্যে ভারত ১৬ রান তুলতে পারে রোহিতের দুটি ছক্কায়। তবে শেষ বলে রোহিত ছিলেন নন স্ট্রাইকে। ভারতের প্রয়োজন ছিল ২ রান। এই সময় রোহিত উঠে গিয়ে রিংকু সিংকে মাঠে পাঠান। কারণটা স্বাভাবিক, এর আগে ২০ ওভার ব্যাটিং করা রোহিতের চেয়ে রিংকু দ্রুত প্রান্ত বদল করতে পারবেন। এখান থেকেই খটকা লাগার শুরু।

রোহিত শর্মা দুবার ব্যাট করেছেন দুই সুপার ওভারে। কারণ প্রথমবার রোহিত শেষ বল মাঠে গড়ানোর আগেই মাঠ ছেড়েছিলেন। অথচ কোনো ব্যাটার রিটায়ার্ড হার্ট হলে তিনি আউট বিবেচনা করেই মাঠ ছাড়েন। সেক্ষেত্রে তার দ্বিতীয় সুপার ওভারে ব্যাট করার সুযোগ নেই। 

তবে রোহিত দ্বিতীয় সুপার ওভারেও ব্যাট করেছেন। দলকে জেতাতেও ভূমিকা তিনি রেখেছেন। ম্যাচশেষে তাই এই নিয়েই আলাপ হয়েছে বেশি। আফগানিস্তান কোচ জনাথন ট্রট সরাসরিই জানতে চেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে এর নিয়ম আসলে কেমন। বলেন, ‘আমার কোনো ধারণা নেই। এর আগে কি কখনো দুটি সুপার ওভার হয়েছে? বলতে চাচ্ছি, এটা নতুন কিছু। আমি যেটা বলার চেষ্টা করছি, আমরা নিয়মগুলোকে প্রতিনিয়ত পরীক্ষা করছি, নীতিমালাকে পরীক্ষা করছি।’

রোহিত অবশ্য নিয়ম ভাঙেননি। বরং আইসিসির করা নিয়মের ফাঁকফোকর বের করে এনেছেন। প্রথম সুপার ওভারে ভারতীয় ব্যাটাররা যখন রান তাড়া করতে নামে, সেইসময় রোহিত শর্মা ওভারের তৃতীয় এবং চতুর্থ বলে পরপর জোড়া ছক্কা হাঁকান। ভারতীয় ক্রিকেট দল ৫ বলে ১৫ রান করেই ফেলেছিল। জয়ের জন্য ভারতের দরকার ছিল মাত্র ২ রান। কিন্তু, ঠিক সেইসময় রোহিত শর্মা নিজেকে রিটায়ার্ড হার্ট ঘোষণা করেন এবং মাঠ ছেড়ে বেরিয়ে যান। 

মূলত এখানে রোহিত ছিলেন রিটায়ার্ড নট আউট। আইসিসির নিয়ম অনুযায়ী, যদি কোনো ব্যাটার প্রথম সুপার ওভারে আউট না হন, তবে পরবর্তী সুপার ওভারে তিনি খেলতে পারবেন। রোহিত যদি নিজেকে রিটায়ার্ড আউট মেনে সাজঘরে ফিরতেন, তবে পরের ওভারে ব্যাট করার সুযোগ ছিল না তার সামনে। 

পুরো বিষয়টিকে চতুরতা বলেই মন্তব্য করেছেন কোচ রাহুল দ্রাবিড়। এর আগে ২০২২ আইপিএলে একইভাবে ম্যাচের গুরুত্ব অনুযায়ী, নিজেকে সরিয়ে নেন রবিচন্দ্রন অশ্বিন। দ্রাবিড় নিজেই পরে এর তুলনা দিয়েছেন সেই ঘটনার সঙ্গে।  কিন্তু ওই ম্যাচে অশ্বিন নিজেকে রিটায়ার আউট করেছিলেন, হার্ট নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত