নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূর পা বাঁধা লাশ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত বিবি হালিমা বেগম (৪৭) উপজেলার চরজব্বর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের চর পানা উল্যাহ গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী। তিনি ৫ ছেলের জননী ছিলেন। পুলিশ ও নিহতের স্বজনেরা তাৎক্ষণিক হত্যাকান্ডের কোনো কারণ জানাতে পারেনি।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চর পানাউল্যাহ গ্রামের মালেক খাল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ওই নারী একাই স্বামীর বাড়িতে থাকতেন। গত কয়েক বছর স্বামীর সাথে সম্পর্কের টানাপোড়েন থাকায় তার স্বামী অনত্র বসবাস করতেন। সন্তানেরা সপ্তাহে একবার মায়ের সঙ্গে দেখা করতেন। গতকাল বুধবার তিনি জেলা শহর মাইজদী থেকে সন্ধ্যার দিকে নিজ বাড়িতে আসেন। প্রতিদিনের ন্যায় যথারীতি রাতে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন তার দুই পা বাঁধা মরদেহ বাড়ির পাশে মালেক খালে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তার চোখে ও মাথায় আঘাতে চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্তাহীন বিল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি দেশ রূপান্তরকে জানান, নিহত নারীর বাম চোখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতের কারণেই মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত কার্যক্রম চলছে। হত্যার সম্ভাব্য কারণগুলো নিয়ে কাজ করছি। তিনি জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
