ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়া পাড়া এলাকায় প্রাইভেটকার চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
আজ শুক্রবার বিকেলে দেলদুয়ার উপজেলার নাটিয়া পাড়া আন্ডার পাস এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ওই যুবকের নাম শিমুল (৩২)। হতাহতরা ভোলা জেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, হতাহতরা মোটরসাইকেলে সিরাজগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়া পাড়া আন্ডার পাস পার হচ্ছিলেন। এক পর্যায়ে ঢাকাগামী একটি প্রাইভেটকার ওই মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় আরোহী শিমুল আন্ডার পাসের উপর থেকে নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। এ ঘটনা আহত রাকিবকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা টুটুল বলেন, নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তাতর করা হবে। আহত ব্যক্তিকে কুমুদিনী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
