উড়ছে ঘুড়ি
ছোট্ট নুড়ি
ভাবছে মনে মনে
‘কে আমাকে গোনে?
রই পড়ে হায় পায়ের নিচে রাজপথের এক কোণে!
উড়ছে পাতা
ছেঁড়া খাতা
উড়ছে মেঘের সারি
আমি কি খুব ভারী?
এমন যদি হতো আহা উড়তে আমি পারি!’
পিঁপড়ে হাসে
হাঁটছে ঘাসে
শুনছে কিছু যেন
বলল- ‘হতাশ কেন?
তুচ্ছ তুমি নওতো মোটেও, নওকো হেনতেন।
উড়ছে শালিক
ডানার মালিক
উড়ছে টিয়া চড়াই
করতে পারে বড়াই?
কিন্তু তুমি বলতে পারো রাস্তা আমি গড়াই’।
