ইসরায়েলি হামলায় ইরানি গোয়েন্দা প্রধানসহ নিহত ৪

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০১:২৪ এএম

সিরিয়ার রাজধানী দামেস্কে একটি ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) চারজন জ্যেষ্ঠ সদস্য নিহত হয়েছেন। এদের মধ্যে ইরানের রেভল্যুশনারি গার্ডের সিরিয়াবিষয়ক গোয়েন্দা প্রাধানও রয়েছেন। বলা হচ্ছে, তারা সিরিয়ার সরকারি বাহিনীতে উপদেষ্টা হিসেবে কাজ করতেন। ইরানের দিক থেকে অভিযোগ করা হয়েছে, ইসরায়েলই এই হামলা চালিয়েছে। 

গতকাল শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়, দামেস্কে চালানো এই হামলায় সিরিয়ার সামরিক বাহিনীর কয়েকজনও হতাহত হয়েছেন।

এর আগেও দামেস্কে হামলা চালিয়ে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যা করার অভিযোগ উঠেছিল। তবে সর্বশেষ হামলাসহ অন্য কোনো হামলায়ই দায় স্বীকার করেনি ইসরায়েল। ইসরায়েল প্রায়ই সিরিয়ার বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে থাকে। বিশেষ করে দখলকৃত গোলান মালভূমি এলাকায় তারা হামলা চালায়। গাজায় হামাস ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর সিরিয়া, লেবাননে হামলা চালিয়েছে তেল আবিব। অবশ্য এসব হামলার কথা কখনোই স্বীকার করে না তারা।

গতকাল দামেস্কের হামলাটি হয় দক্ষিণ-পশ্চিমের মাজ্জেহ পৌর এলাকার কাছে। জায়গাটি বেশ গুরুত্বপূর্ণ। কারণ এখানে সামরিক বাহিনীর বিমানবন্দর, জাতিসংঘের স্থানীয় সদর দপ্তর, দূতাবাস এবং কয়েকটি রেস্তোরাঁ রয়েছে। ইরানি গণমাধ্যমে বলা হচ্ছে, হামলায় ইরানের বিপ্লবী গার্ডের সিরীয় শাখার গোয়েন্দা প্রধান, উপপ্রধানসহ আরও দুই আইআরজিসি যোদ্ধা নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সব কৌশলের বিরোধিতা করেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী  বেনিয়ামিন নেতানিয়াহু। বাইডেন বলেন, মধ্যপ্রাচ্যে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান এখনো সম্ভব।

ফিলিস্তিন রাষ্ট্র সম্ভব : জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন  নেতানিয়াহু ক্ষমতায় থাকা অবস্থায়ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র  গঠন করা অসম্ভব নয়। কারণ   নেতানিয়াহু দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সব কৌশলের বিরোধিতা করেননি। এখনো বিষয়টির সম্ভাবনা রয়েছে।

গাজা যুদ্ধর মধ্যে গত শুক্রবার প্রথমবার টেলিফোনে কথা বলেন বাইডেন ও নেতানিয়াহু। এরপর ডেমোক্রেট নেতা জো বাইডেন এই মন্তব্য করেন। এর আগে নেতানিয়াহু ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রসঙ্গ উড়িয়ে দেন। এর পরিপ্রেক্ষিতে বাইডেন ওই মন্তব্য করলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত