ভারত থেকে রাশিয়ার রাজধানী মস্কো যাওয়ার পথে আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় একটি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে।
যান্ত্রিক ত্রুটির কারণে ভারতীয় মালিকানাধীন বিমানটি আফগানিস্তানের বাদাখশান প্রদেশে বিধ্বস্ত হয়। রোববার আমাজ সংবাদ সংস্থার বরাতে এ খবর জানায় রুশ বার্তাসংস্থা তাস।
স্থানীয় পুলিশের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, আফগানিস্তানের সুদূর উত্তরে বাদাখশানের একটি দুর্গম, পার্বত্য অঞ্চলে শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটে। তবে বিমানটিতে কতজন যাত্রী ছিল তা এখনও জানা যায়নি বলে জানিয়েছে তাস।
প্রতিবেদনে বলা হয়, বিমান বিধ্বস্তের পর বাদাখশান প্রদেশে তালেবান সরকারের একজন প্রতিনিধি খামা সংবাদ সংস্থাকে নিশ্চিত করেছেন যে ঘটনার পরিস্থিতি তদন্তের জন্য একটি দলকে ওই অঞ্চলে পাঠানো হয়েছে।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যে, ভারতের সিনিয়র ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) নিশ্চিত করেছেন, 'এটি কোনও ভারতীয় বিমান নয়। বাদাখশান প্রদেশের কুরান-মুঞ্জান এবং জিবাক জেলার পাশাপাশি তোপখানার পাহাড়ে বিধ্বস্ত বিমানটি মরক্কোর নিবন্ধিত ডিএফ ১০ বিমান ছিল।'
তবে এই ঘটনার পর বিমানের ধরন, বিধ্বস্তের কারণ বা হতাহতের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে বিমানটি চীন, তাজিকিস্তান এবং পাকিস্তানের সীমান্তবর্তী বাদাখশান প্রদেশে বিধ্বস্ত হয়েছে তবে দুর্ঘটনার সঠিক স্থান এখনো নির্ণয় করা সম্ভব হয়নি।
আফগানিস্তানের প্রাদেশিক তথ্য বিভাগের প্রধান জাবিহুল্লাহ আমিরি এএফপিকে বলেন, ‘বিমানটি বিধ্বস্ত হয়েছে কিন্তু অবস্থান এখনো জানা যায়নি। আমরা দল পাঠিয়েছি কিন্তু তারা এখনো পৌঁছায়নি।’
বিমান বিধ্বস্তের খবরটি সকালে স্থানীয় লোকজন কর্তৃপক্ষকে জানায় বলে জানান তিনি।
